ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মিরপুর ১০ নম্বরের ফুটপাত কার দখলে থাকবে?

পুলক রাজ

প্রকাশ: ১২:৪৩, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৪, ৪ অক্টোবর ২০২৬

মিরপুর ১০ নম্বরের ফুটপাত কার দখলে থাকবে?

ছবি: ঢাকা এক্সপ্রেস

দীর্ঘদিনের তীব্র বিশৃঙ্খলা, নৈরাজ্য ও অনেক যানজটের পর মিরপুর ১০ নম্বরের ব্যস্ততম ফুটপাতগুলো অবশেষে হকারমুক্ত হয়েছে। প্রতিদিন যাতায়াতকারী সাধারণ পথচারী ও যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। কিন্তু এই ফাঁকা ফুটপাতের নেপথ্যের দৃশ্যপট অত্যন্ত উদ্বেগজনক এবং গভীর চিন্তার খোরাক জোগায়।

ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সিটি করপোরেশন কর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর হকার ও দোকানিদের দফায় দফায় হামলা এবং পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আমাদের দেশের দীর্ঘস্থায়ী পুনর্বাসন সংকটেরই চরম বহিঃপ্রকাশ।

ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে নীতিগতভাবে সাধুবাদ জানাতে হয়, কারণ ফুটপাত মূলত সাধারণ মানুষের অবাধে হাঁটার মৌলিক অধিকার।তবে বলপ্রয়োগ, লাঠিচার্জ বা সাময়িক উচ্ছেদ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। অতীতেও বহুবার দেখা গেছে, প্রশাসনের সাময়িক অভিযানের কিছুদিন পর পুনরায় একই পুরনো চিত্র ফিরে আসে। হকাররা কেউ শখের বসে ফুটপাতে বসেন না, তারা পেটের টানে এবং জীবন ও জীবিকার তাগিদেই বাধ্য হয়ে এখানে বসেন। তাই তাদের স্থায়ী পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে কেবল পুলিশি পদক্ষেপ বা বলপ্রয়োগের মাধ্যমে এই জটিল সমস্যার চিরস্থায়ী সমাধান কখনোই সম্ভব নয়। একই সঙ্গে এটিও সত্য যে, সরকারি দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থা ও সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয়।

কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক উপায়ে এবং আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের দাবি আদায়ের সুস্থ সংস্কৃতি আমাদের দেশে গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের উচিত কালক্ষেপণ না করে দ্রুত একটি বাস্তবসম্মত, সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা প্রণয়ন করা, যার মাধ্যমে হকারদের জন্য নির্দিষ্ট বিকল্প স্থান নির্ধারণ করা যায়। অন্যথায়, মিরপুর ১০ নম্বরের এই ফাঁকা ফুটপাত সাময়িক স্বস্তি দিলেও যেকোনো মুহূর্তে তা নতুন কোনো মারাত্মক সংঘাতে রূপ নিতে পারে।ফুটপাত দখলমুক্ত রাখার এই কঠিন অর্জনকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে প্রশাসন ও হকার বা ব্যবসায়ী উভয় পক্ষকেই সর্বোচ্চ দায়িত্বশীল, দূরদর্শী ও সহনশীল আচরণ করতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন