শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪১, ২৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে শুকুর আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, গর্ভপাতের পর বিয়ের প্রতিশ্রুতি রাখেননি তিনি। উল্টো বিয়ের কথা বললে ভয়ভীতি দেখানো হয়। অভিযুক্ত শুকুর আলী উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছয় সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য, প্রায় চার মাস আগে তিনি শুকুর আলীর বাড়িতে গৃহস্থালির কাজ করতে যান। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুকুর আলী তাঁকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি অভিযুক্তকে জানালে তিনি গর্ভপাতের প্রস্তাব দেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে কুড়িগ্রামের একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, গর্ভপাতের পরও তাঁকে বিয়ে করেননি শুকুর আলী। বিয়ের কথা বললে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষ গত ১ অক্টোবর সকালে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে শুকুর আলী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, বিষয়টি নিয়ে এলাকায় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও এখনো কোনো সমাধান হয়নি। ভুক্তভোগীর পরিবার অসচ্ছল। তাঁর বাবা মারা গেছেন, ভাই প্রতিবন্ধী এবং মা বৃদ্ধ। অভাবের কারণে পরিবারের জীবিকা নির্বাহে তাঁকে বিভিন্ন বাড়িতে কাজ করতে হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে শুকুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল বলেন, “বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। ওসি স্যার ছুটিতে আছেন।”
ঢাকা এক্সপ্রেস/এসআই