ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

আমতলী পুলিশের বিশেষ অভিযানে আটক ১১

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২, ২৪ অক্টোবর ২০২৬

আমতলী পুলিশের বিশেষ অভিযানে আটক ১১

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনার পর আমতলী উপজেলায় বিশেষ অভিযান শুরু করেছে থানা-পুলিশ। কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পরিচালিত এ অভিযানের ধারাবাহিকতায় ১১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আমতলী পৌর শহরের বটতলা, গরুর বাজার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১১ জনের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক। তাদের বয়স ১৮ বছরের নিচে। বাকি সাতজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। এতে জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বরগুনার প্রতিটি উপজেলাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেন চিফ হুইপ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “জেলা পুলিশ সুপার মহোদয় আমতলীকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেখতে চান। এ বিষয়ে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে আজ অভিযান চালিয়ে ১১ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন