ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৬, ২৫ অক্টোবর ২০২৬

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি অর্থনৈতিক অংশীদারিত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ সফরকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’।

এক্সপোটির মূল লক্ষ্য বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।

স্পেন সফর শেষে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

যুক্তরাজ্যে তার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অন্বেষণ।

ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এসব সফরকে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন