শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৬, ২৫ অক্টোবর ২০২৬
বারবেল কফলার। ছবি: সংগৃহীত
তিন দিনের সরকারি সফরে আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতাকে নতুন রূপ দেওয়া এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করতে তিনি এ সফরে আসছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশটি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে চায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পাশাপাশি বাংলাদেশ পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে। ফলে এবারের আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেবে।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’র উৎসবেও যোগ দেবেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসান ঘটিয়ে ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একীভূত হয়। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণ করেই ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস