ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৩, ২৬ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৬৯ স্কোর নিয়ে শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২০৩। এ মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৩ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে তৃতীয় স্থানে। ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। আর ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থলের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন