শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১:১০, ২৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৬ নম্বর সদর কোম্পানি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), মো. পারভেজ (২১), মোছা. ময়না (২৪) ও মোছা. ফাতেমা (৩০)। তারা সবাই মোংলা পৌরসভার শ্রম কল্যাণ রোডের বালুরমাঠ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকা এক্সপ্রেস/এসএস