শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল। পথে মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, এতে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলেও জানা গেছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস