শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ১০ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করে আসছেন। দুর্গাপূজাও যেন সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বয়ের মাধ্যমে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই