শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:২২, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৩, ১০ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ভারতে ভোটাধিকার রক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন বেণুগোপাল।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার চেষ্টা করছেন।
বেণুগোপালের দাবি, বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার। এ কারণে দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং আটকের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একই দাবিতে দেশের প্রধান বিচারপতির সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও নির্বাচনব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বেণুগোপাল।
ঢাকা এক্সপ্রেস/এসআই