ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসায় মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:০৬, ৯ অক্টোবর ২০২৬

ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসায় মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নতুন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে পাঠানো বার্তায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা মোকাবিলায় এই বাহিনীর গুরুত্ব তুলে ধরেন।

বার্তায় মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের এই ভূমিকা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে গ্রাম ও পাড়ার ক্ষুদ্রতম জনবসতি পর্যন্ত, প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি ও সামুদ্রিক পরিবেশে কঠিন সীমান্ত পাহারা থেকে শুরু করে সমতল ভূমি, বন-জঙ্গল ও দেশের কেন্দ্রস্থল—সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী সদস্যদের সাহসিকতা ও বীরত্বের কারণে। এই বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ।

মোজতবা খামেনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে শুরু করে থানা ও পুলিশ ফাঁড়ি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের প্রভাব ও ভূমিকা আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সম্মুখসারির ইউনিট পর্যন্ত আঘাত হানতে বিশেষ মনোযোগ দিয়েছে এবং মরিয়া প্রচেষ্টা চালিয়েছে। এতে এই প্রতিষ্ঠানের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মোজতবা খামেনি বলেন, সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার স্তম্ভগুলোর ওপর চালানো এই মরিয়া প্রচেষ্টা ও বিদ্বেষপূর্ণ আঘাতের কোনো নজির ইতিহাসে নেই। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী সদস্যরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হননি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন