ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৫, ৬ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০৫ অক্টোবর) দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় এটি অন্যতম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট। টিনুবু বলেন, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক একটি মুহূর্ত।

পরে প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা জানান, দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে টিনুবু তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত কর্মকর্তাদের প্রতি সম্মান জানাতে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। প্রেসিডেন্টের কার্যালয় ও বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানিয়েছেন, একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তারা দুজনই জানিয়েছেন, বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। এটি দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এই মডেলের বিমানে ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি নদীর কাছে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকারীরা নৌকায় করে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু।

দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বসবাসকারী ৩৯ বছর বয়সী জ্বালানি কাঠ বিক্রেতা দায়ো আকিন্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি এমন একটি শব্দ শুনেছিলেন, যেটিকে তার কাছে বজ্রপাতের শব্দ বলে মনে হয়েছিল।

ফোনে তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে তিনটি বিমানও ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ে গেছে। তিনি জানান, জলাভূমিতে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার বিষয়টি কাছের নৌঘাঁটি এবং শহরের বাসিন্দাদের জানান।

এর আগে বিমানবাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। পুলিশও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

ইগবোকোদা নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের তেল উৎপাদনকারী এলাকা ইলাজেতে অবস্থিত। এর আগে ২০২১ সালের মে মাসে নাইজেরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরু এবং আরও ১০ কর্মকর্তা নিহত হন। উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশের বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ার মধ্যে তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

এছাড়া ২০১৫ সালের আগস্টে উত্তর নাইজেরিয়ায় একটি সামরিক বিমান একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হন। ওই একই মাসের শুরুতে লাগোসে একটি হেলিকপ্টার উপহ্রদে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন মার্কিন পাইলট ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন