শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:১৪, ৮ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, প্রাচীন ঐতিহ্যকে সমসাময়িক সাহিত্যে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম অ্যান কারসনের। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়।
দীর্ঘ সাহিত্যজীবনে কবিতা লেখা ও অনুবাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কারসন। প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মধ্যে তিনি একটি অনন্য সেতুবন্ধ তৈরি করেছেন।
তার সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো শব্দের গভীর অর্থ ও উৎস অনুসন্ধানের সঙ্গে কবিতার সৃজনশীলতার সমন্বয়। ভাষার প্রতি তার গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা তার লেখায় বিশেষভাবে ফুটে ওঠে।
কারসন নিজেই বলেছেন, কোনো লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করা তার কাজের প্রথম ধাপ।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
সাহিত্যে নোবেল পুরস্কারের মনোনয়ন ও বিবেচনাপ্রক্রিয়া দীর্ঘদিন গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি। মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীর নাম নিশ্চিতভাবে জানা কঠিন।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কারে মোট ১২২ জন সাহিত্যিক ভূষিত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন নারী। চারবার একাধিক সাহিত্যিককে যৌথভাবে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই