ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৪, ৮ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

ফাইল ছবি

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এ জন্য ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে তিনি জানান।

এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকের কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন