শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৬, ৮ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরের ভেতর বিশেষ কৌশলে লুকানো প্রায় সোয়া কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চালানো অভিযানে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস হাউস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পাওয়া যায়। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে ওই যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন। তাকে সন্দেহ হলে প্রিভেন্টিভ টিম তল্লাশি চালায়।
তল্লাশির সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির স্বর্ণের পিণ্ড পাওয়া যায়। প্রতিটির ওজন ছিল প্রায় ৪৩০ গ্রাম।
সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পেস্টের ওজন ১ হাজার ২৯০ গ্রাম।
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধনের পর আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই