শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৮, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১১, ৮ অক্টোবর ২০২৬
ছবি : পিএমও
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই মাসে সারাদেশে অন্তত ১ হাজার মাঠ স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ নিয়ে এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি মাঠ নিশ্চিত করতে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তরে ৪০টি ও দক্ষিণে ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৭ জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিদ্যমান উপজেলা স্টেডিয়াম সচল, দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার এবং বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব চালুর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
আগামী পাঁচ বছরের মধ্যে সুস্থ ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসআই