শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৯, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দেশে ক্যান্সার চিকিৎসা আরও সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন মেশিনগুলোর ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এতে নিজ এলাকায় কম খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন ক্যান্সার রোগীরা। একই সঙ্গে ঢাকায় রোগীর চাপ কমবে।
তিনি জানান, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরেও সেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে রোবটিক সার্জারি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। চাহিদার ১০টি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর আনার পরিকল্পনা রয়েছে।
পরিবার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী বছরব্যাপী ক্যাম্পেইন চলবে। এ সময় ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন ও পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয় বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসআই