ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৮, ৭ অক্টোবর ২০২৬

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার’

ছবি : পিএমও

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায়ভেদে কোনো নাগরিকের অধিকার ও সুযোগ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ বা পরিচয়ের কারণে যেন কোনো নাগরিক বৈষম্যের শিকার না হন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এবার ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের এবং কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়। একইভাবে কঠিন চীবর দানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাওয়া ২ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।

বরাদ্দের অর্থ হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তারা নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ গ্রহণ করতে পারবেন।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সংসদ সদস্য সুবর্ণ ঠাকুর শিকদারসহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন