ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিমানকর্মীদের জুতায় ৮০ স্বর্ণের বার, উদ্ধার ৯ কেজির বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৯, ৪ অক্টোবর ২০২৬

বিমানকর্মীদের জুতায় ৮০ স্বর্ণের বার, উদ্ধার ৯ কেজির বেশি

ছবি: ঢাকা এক্সপ্রেস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয় সিআইআইডির একটি দল। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের পরা জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনা চোরাচালানের একটি অভিনব কৌশল। এ ঘটনায় স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া স্বর্ণের চালান নিয়ে তদন্ত চলছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন