শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:১১, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১২, ৭ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে তাদের নাম ঘোষণা করা হয়।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানিয়েছে, জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্বয়ংক্রিয় অনুঘটন প্রক্রিয়া আবিষ্কারের জন্য এ দুই বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে।
অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি ভিন্ন রূপে থাকতে পারে। এই দুই রূপ একে অপরের প্রতিচ্ছবি হলেও জীবদেহে সাধারণত একটি রূপই দেখা যায়।
কেন জীবদেহে এমন একটি নির্দিষ্ট প্রতিচ্ছবি থাকে, তা দীর্ঘদিন ধরে রসায়নবিদদের কাছে রহস্য ছিল। এই রহস্যের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য হেনরি কাগন ও কেনসো সোয়াই এ বছর রসায়নে নোবেল পেলেন।
এর আগে ২০২৫ সালে রসায়নে নোবেল পান সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
এখন পর্যন্ত রসায়নে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ বিভাগে সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী হন জন বি গুডএনাফ। ২০১৮ সালে ৯৭ বছর বয়সে তিনি এ পুরস্কার পান।
অন্যদিকে, ১৯৩৫ সালে ৩৫ বছর বয়সে রসায়নে নোবেল পান ফ্রেডেরিক জোলিয়ট। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯৮ জন রসায়নশাস্ত্রে নোবেল পেয়েছেন।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এ পুরস্কারের নামকরণ করা হয়।
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। মৃত্যুর আগে তিনি তার সম্পদ থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য অর্থ রেখে যান।
পরে ১৯৬৯ সাল থেকে নোবেলের সঙ্গে অর্থনীতিও যুক্ত হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই