ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৩, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪৮, ১০ অক্টোবর ২০২৬

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থগিত করা হয়েছে টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাতও অনুভূত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন।

দেশটির বিভিন্ন স্থানে গির্জা ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কারণে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়। বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। পাশাপাশি দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়।

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।

দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন