শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৭, ৪ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
উপকূলীয় ১৪ জেলার ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি আগামী অর্থবছর থেকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগঝুঁকি কমানোর কার্যক্রম থাকবে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের নয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম এবং কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া লবণাক্ততা মোকাবিলায় পানি শোধন ও নিরাপদ পানির ব্যবস্থা উন্নত করা হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগও থাকবে।
মন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সরকার আগ্রহী। বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই