শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৮, ৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
চলতি বছরের প্রথম আট মাসে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ টাকা।
এ সময় বিদেশি লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ টাকা। একই সঙ্গে চলতি বছরের আট মাসের লেনদেন গত বছরের পুরো বছরের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বাজার সংস্কারের বিভিন্ন উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।
তিনি বলেন, ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে উন্নীত হওয়ার প্রস্তুতি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, এনআইটিএ বিধি সহজ করা এবং টি+১ সেটেলমেন্টে যাওয়ার উদ্যোগ এর মধ্যে রয়েছে।
নতুন এনআইটিএ ব্যবস্থায় প্রতিটি লেনদেনের সময় আলাদাভাবে হিসাব করতে হচ্ছে না। অর্থ প্রত্যাবাসনের সময় প্রয়োজনীয় হিসাব সম্পন্ন করা যাবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বিদেশি লেনদেন সর্বোচ্চ ৮৩১ কোটি ৬৯ লাখ টাকা ছিল। এরপর জুনে ৫৪০ কোটি, জুলাইয়ে ৫২৩ কোটি এবং আগস্টে ৩১৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়।
২০২৫ সালের পুরো বছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসআই