শিরোনাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৩, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাইকপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী কিংবা মামলার আসামি যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই