শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০:২০, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মাহিবুর। পরে তার অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
এর জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমির মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে মরদেহের পরিচয় ও হত্যার প্রমাণ গোপন করতে সিগারেটের আগুন দিয়ে তাতে আগুন ধরিয়ে মাহিবুর পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
পরদিন ১২ মার্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টয়লেট থেকে সুমির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা কাপ্তাই থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাহিবুরকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, শুরুতে মামলাটিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিবেকের দায়বদ্ধতা থেকে তিনি আইনি লড়াই করেছেন এবং আদালতে যুক্তি উপস্থাপন করেছেন।
তিনি বলেন, আসামি আগে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে তারা সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করবেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই