শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৪, ৭ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আগের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে অক্টোবর মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
আজ বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট ও বিপিসির এলসি স্টেটমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় দাম নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বেড়ে ১ দশমিক ১৮৮২ ডলার হয়েছে।
নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই