ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

এশিয়ায় প্রথম বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৪, ৭ অক্টোবর ২০২৬

এশিয়ায় প্রথম বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা

ছবি : সংগৃহীত

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে এ সেবা চালুর দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ সেবার মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও বাংলালিংক গ্রাহকেরা যোগাযোগের সুযোগ পাবেন।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও এ সেবা কাজে আসবে। বিশেষ করে জেলে, সাগরে কর্মরত মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকেরা সুবিধা পাবেন।

বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এ সেবার মাধ্যমে সংযোগ পাওয়া যাবে। নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহারের সুবিধা থাকবে।

বাংলালিংক জানিয়েছে, এ সেবা ব্যবহারের জন্য বাংলালিংকের সংযোগ ও ফোর-জি সমর্থিত মোবাইল ফোন প্রয়োজন হবে।

সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলেই বাড়তি খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গেও অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা মিলবে। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে প্রতি মাসে পাঁচটি এসএমএস বিনা মূল্যে পাঠানো যাবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, মানুষের প্রয়োজনের সময় যোগাযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দূরত্ব যেন যোগাযোগের ক্ষেত্রে বাধা না হয়, সে লক্ষ্যেই স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে আরও বেশি মানুষকে সংযুক্ত করতে চান তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সেবার ফলে গ্রাহক কোথায় অবস্থান করছেন, তার ওপর মোবাইল নেটওয়ার্ক পাওয়ার বিষয়টি আগের মতো নির্ভরশীল থাকবে না। আকাশ পরিষ্কার থাকলে বাংলালিংকের মাধ্যমে স্যাটেলাইট নেটওয়ার্কে সংযুক্ত থাকা যাবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন