শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৩, ৭ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণাগারে পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্য খালাসের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমসের নিলাম বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি জারি করা গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং লাইন বা এজেন্ট, কাস্টমস ট্রেডারসহ স্বার্থসংশ্লিষ্টদের প্রয়োজনীয় দলিল দাখিল করে পণ্য খালাসের অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ দাবি, স্বত্ব, আপত্তি বা আদালতের আদেশ যথাযথভাবে উপস্থাপন করা না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর মধ্যে পণ্য পুনঃনিলাম, ধ্বংস বা অন্যান্য আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম থাকতে পারে বলে জানানো হয়েছে।
কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দরের ধারণক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, পণ্যজট কমানো এবং রাজস্ব আহরণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামকৃত ও নিলামযোগ্য পণ্যচালানের দ্রুত নিষ্পত্তিও এর অন্যতম লক্ষ্য।
চট্টগ্রাম কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস নাজমুল হোসেন বলেন, সংশ্লিষ্টদের পণ্য খালাসের জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল।
তিনি বলেন, আজ সেই সময়সীমার শেষ দিন। এরপর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই