শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০০, ৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও শনাক্তের তথ্য পাওয়া গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে আটজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ২১৬ জন।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ওই দিন নতুন করে ১ হাজার ৯৯৬ জন আক্রান্ত হন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এ ছাড়া ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর মৃত্যু হয় ৫৭৫ জনের।
ঢাকা এক্সপ্রেস/এসআই