ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিশুর বই পড়ার অভ্যাস গড়তে অভিভাবকদের করণীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৩৫, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ১ নভেম্বর ২০২৬

শিশুর বই পড়ার অভ্যাস গড়তে অভিভাবকদের করণীয়

ছবি: ঢাকা এক্সপ্রেস

স্মার্টফোন এখন শিশুদের অবসর কাটানোর অন্যতম সঙ্গী। কার্টুন দেখা, গেম খেলা কিংবা ভিডিও দেখায় অতিরিক্ত আগ্রহের কারণে অনেক শিশুর বই পড়ার অভ্যাস গড়ে ওঠে না। অথচ ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলে শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি হতে পারে। এ জন্য প্রয়োজন অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত উদ্যোগ।

শিশুর হাতে বই তুলে দেওয়ার পাশাপাশি বই পড়াকে আনন্দদায়ক করে তুলতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারেন—

একসঙ্গে বই পড়ুন: শিশুর সঙ্গে বসে ছড়া, রূপকথা ও মজার গল্পের বই পড়ুন। ছবিগুলো দেখান, গল্প নিয়ে প্রশ্ন করুন এবং শিশুকে নিজের ভাবনা প্রকাশের সুযোগ দিন।

গল্পকে আনন্দময় করুন: গল্পের চরিত্র অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন, পুতুল বা খেলনা ব্যবহার এবং গল্পের দৃশ্য অভিনয় করে দেখাতে পারেন। এতে বই পড়া শিশুর কাছে আনন্দের অভিজ্ঞতা হয়ে উঠবে।

খেলার ছলে শেখান: বর্ণমালার ধাঁধা, অক্ষর মেলানো কিংবা বিভিন্ন শব্দ তৈরির খেলার মাধ্যমে শিশুকে পড়ার প্রাথমিক ধারণা দিন। তবে শেখানোর ক্ষেত্রে কোনো চাপ দেওয়া যাবে না।

গল্প নিয়ে আলোচনা করুন: বই পড়া শেষে গল্পের চরিত্র, ঘটনা ও পরিণতি নিয়ে শিশুর সঙ্গে কথা বলুন। তার মতামত মনোযোগ দিয়ে শুনুন। এতে ভাষা ও চিন্তাশক্তির চর্চা হবে।

পড়ার পরিবেশ তৈরি করুন: বাড়িতে বই পড়ার জন্য ছোট একটি জায়গা নির্ধারণ করুন। শিশুর বয়স উপযোগী বই তার নাগালের মধ্যে রাখুন, যাতে সে নিজের পছন্দমতো বই বেছে নিতে পারে।

ছবির বই দিয়ে শুরু করুন: যারা এখনো সাবলীলভাবে পড়তে পারে না, তাদের জন্য ছবিযুক্ত বই বেছে নিন। ছবি দেখে গল্প বলতে উৎসাহিত করলে কল্পনাশক্তি ও ভাষার দক্ষতা বাড়তে পারে।

নিজেরাও বই পড়ুন: শিশুরা বড়দের আচরণ অনুসরণ করে। তাই অভিভাবকদেরও নিয়মিত বই পড়া উচিত। পাশাপাশি পরিবারের সবাই মিলে প্রতিদিন কিছু সময় বই পড়ার অভ্যাস করতে পারেন।

শিশুর বই পড়ার অভ্যাস এক দিনে তৈরি হয় না। কখনো সে আগ্রহ দেখাবে, কখনো অন্য কাজে ব্যস্ত থাকবে। তাই জোর না করে তার বয়স ও পছন্দ অনুযায়ী নিয়মিত উৎসাহ দিতে হবে। ছোটবেলার এই অভ্যাসই ভবিষ্যতে বইয়ের প্রতি ভালোবাসা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন