শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৯, ১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন নিয়ে চলমান অসন্তোষের পেছনে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
গত দিনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটিয়েছেন, তারা শ্রমিক নন। ১৫ থেকে ২০ জন গিয়ে একটি ঘটনা ঘটিয়েছেন। অথচ শ্রমিক ফেডারেশন ও নেতারা সরকারের সঙ্গে বৈঠক করেছেন এবং শ্রমিকদের কারখানায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার পর রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু কয়েকটি কারখানায় অযথা ছুটি ঘোষণা করে পরে মজুরি বোর্ড গঠন হয়নি বলে প্রচার করা হচ্ছে।
ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি বিষয়কে সামনে রেখে অন্য কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর এ ধরনের পরিস্থিতি আর থাকবে না বলে আশা প্রকাশ করেন শ্রমমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস/এসআই