শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৪, ১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এ প্রবেশ করা যাচ্ছে না।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় ডিএমপির ওয়েবসাইট ও নিউজ পোর্টালটিতে প্রবেশের চেষ্টা করলে ‘দিস সাইট ক্যান্ট বি রিচড’ অর্থাৎ ‘সাইটে প্রবেশ করা যাচ্ছে না’ বার্তা দেখা যায়।
এর আগে ডিএমপির নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে বলে খবর প্রকাশ করে একাধিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, ডিএমপির ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে ওঠে। পাশাপাশি ওয়েবসাইটের পেছনে মিউজিকও শোনা যায়।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র প্রদর্শিত হচ্ছিল। এতে ওয়েবসাইটটি হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার সকালে বেশ কয়েকবার চেষ্টা করেও ডিএমপির ওয়েবসাইট ও ডিএমপি নিউজ পোর্টালে প্রবেশ করা যায়নি। তবে ডিএমপি নিউজের ওয়েবসাইট হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে এশিয়া পোস্টের পক্ষ থেকে ডিএমপির মিডিয়া বিভাগসহ একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
প্রসঙ্গত, ডিএমপি নিউজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস