শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৮, ১২ নভেম্বর ২০২৬
ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে এ সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই