ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুসুমবাগ শপিং সিটিতে চুরির সময় হাতেনাতে আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০:২৪, ১ নভেম্বর ২০২৬

কুসুমবাগ শপিং সিটিতে চুরির সময় হাতেনাতে আটক ১

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজার শহরের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ভবন কুসুমবাগ শপিং সিটিতে চুরির সময় একজনকে হাতেনাতে আটক করেছে মার্কেট কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শপিং সিটির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শপিং সিটির তৃতীয় তলায় কার্যক্রম বন্ধ থাকা দি হলি সিটি প্রাইভেট হাসপাতালের ভেতরে মালামাল চুরির উদ্দেশ্যে পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ চক্র প্রবেশ করে। এ সময় ভবনের নিরাপত্তাপ্রহরীর নজরে এলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। তবে একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় মার্কেট কর্তৃপক্ষ।

আটক ব্যক্তির নাম মনসুর আলম (৩০)। তিনি মৌলভীবাজারের বেকামুড়া এলাকার খালিক মিয়ার ছেলে। পরে তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ চুরির আলামতও জব্দ করে।

এদিকে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মার্কেট সূত্র জানায়, তারা দুজনই স্থানীয়ভাবে ইলেকট্রিকের কাজ করেন। তাদের একজন ফয়সল মিয়া (৩৫), বাবা ইউসুফ আলী। অন্যজন আজমান মিয়া (৫৭), বাবা আছির উল্লাহ। তাদের বাড়ি মোকামবাজারের নিতেশ্বর এলাকায়।

এ বিষয়ে কুসুমবাগ শপিং সিটির ব্যবস্থাপক শেফাল চন্দ্র দাস জানান, বিগত বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র মার্কেটের ভেতর থেকে ফ্যান, লাইট, পানির কল, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে আসছিল। এতে মার্কেটের ব্যবসায়ী ও মালিকপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

এ ঘটনায় তিনি মৌলভীবাজার মডেল থানায় একটি চুরির মামলা করেছেন। পুলিশ দ্রুত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন