ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩১, ৭ নভেম্বর ২০২৬

পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালামের বাড়ি মাসাবো এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে চাকরি করছেন।

দীর্ঘদিন ধরে নিজ গ্রাম মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ছুটিতে বাড়িতে এলেই মাদকসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করতেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোন করে বাসা থেকে আবুল কালামকে ডেকে নিয়ে যান। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেন এবং পায়ের রগ কেটে দেন।

আবুল কালামের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন