ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০১, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০৪, ১৫ নভেম্বর ২০২৬

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। আর এই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা কিংবা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে। এর মধ্য দিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহার শুরু হতে যাচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, ইতোমধ্যে প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। উৎপাদন শুরু হলেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে। প্রাথমিক পর্যায়ের উৎপাদন শুরুর প্রক্রিয়া সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু ভালোভাবেই সমন্বয় হচ্ছে।

থার্মাল ক্যাপাসিটি ৪০ শতাংশে পৌঁছালে এই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতার ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হবে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পর পুরো প্রক্রিয়া পরীক্ষা করে দেখা হবে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। কয়েক দিন এভাবে চলার পর উৎপাদন প্রক্রিয়ায় কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হলে ৩০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর প্রক্রিয়াটি যথাযথভাবে অব্যাহত রাখা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টির সঙ্গে উদ্বোধনের সময়সূচি সম্পর্কিত। সে ক্ষেত্রে ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে সূত্রগুলো জানায়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, সেটি এখনই নিশ্চিত করে বলা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিকমতো হচ্ছে কি না, তা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সমস্যা বা ত্রুটি নেই, সেটি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মাহমুদুল হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। সেটিও নির্ভর করবে তিনি কবে সময় দিতে পারবেন, তার ওপর। এ কারণে আনুষ্ঠানিকতার সময় এখনই বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার পর পর্যায়ক্রমে ও ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও বাড়তে থাকবে। এভাবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে। সে ক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলে আগামী বছরের এপ্রিলের মধ্যে বাণিজ্যিক ব্যবহারের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন