ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

প্রশ্নফাঁসের ঘটনায় যুবশক্তির পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৬, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৫৩, ১১ অক্টোবর ২০২৬

প্রশ্নফাঁসের ঘটনায় যুবশক্তির পাঁচ দফা দাবি

ছবি: ঢাকা এক্সপ্রেস

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ অভিযোগ করেন, প্রশ্নফাঁসের পেছনে ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ থাকতে পারে। তাঁর সন্দেহ, এ কারণে কেউ প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ করেছে। অন্যথায় ঘটনাটি সামনে আসত না।

তিনি বলেন, ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। এতে দেশের চাকরির বাজারের সংকট স্পষ্ট হয়েছে। অথচ মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে কোটা, ভাইভার নম্বর বৃদ্ধি ও রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

যুবসমাজের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানিয়ে রিফাত রশিদ বলেন, যুবসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। তাদের অধিকার হরণ করলে তারা নীরব থাকবে না।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল অভিযোগ করেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হয়ে ওঠার চেষ্টা করছে। রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে দলীয়করণ ও অকার্যকর করার চেষ্টা চলছে। এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সুযোগ তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তরুণদের কর্মসংস্থান নিয়ে সরকার কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির পরিবর্তে এক কোটি চাঁদাবাজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তারিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের তরুণেরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তাদের ন্যায্য অধিকার পাননি। রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই তাঁরা নিজেদের অধিকার আদায় করেছেন।

জাতীয় যুবশক্তির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ; প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা; বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন