ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

নেটফ্লিক্সে ৮০০ কর্মীর চাকরি হারানোর শঙ্কা

প্রকাশ: ১০:৩১, ১১ অক্টোবর ২০২৬

নেটফ্লিক্সে ৮০০ কর্মীর চাকরি হারানোর শঙ্কা

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি মোট কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে বলে জানা গেছে।

একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাক নিউজ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স। ছাঁটাইয়ের কারণে প্রতিষ্ঠানটির কোন কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তা-ও স্পষ্ট নয়।

২০২৫ সালের শেষ দিকে নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার পূর্ণকালীন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৬৮ শতাংশ, অর্থাৎ ১০ হাজার ৯০০ জনের অবস্থান ছিল যুক্তরাষ্ট্র ও কানাডায়।

এর আগে ২০২২ সালে গ্রাহকসংখ্যা কমে যাওয়ায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে তখনই প্রথমবারের মতো গ্রাহক হারানোর ঘটনা ঘটেছিল। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকেও বৈশ্বিক পণ্য উন্নয়ন দল থেকে কয়েক ডজন কর্মী ছাঁটাই করা হয়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজস্ব আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি আরও ত্বরান্বিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত মাসে লস অ্যাঞ্জেলেসে ব্লুমবার্গের স্ক্রিনটাইম সম্মেলনে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারান্দোস জানান, প্রতিটি অঞ্চলেই প্রতিষ্ঠানটির রাজস্ব আয় দুই অঙ্কের হারে বেড়েছে। তবে তাঁরা প্রবৃদ্ধির গতি আরও বাড়াতে চান।

২০২৬ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। তবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলোর পেছনে বিনিয়োগ সামগ্রিক দর্শকসংখ্যায় প্রভাব ফেলেছে বলে জানান সারান্দোস।

সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও তৃতীয় প্রান্তিকের জন্য প্রত্যাশার চেয়ে কম রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছে নেটফ্লিক্স। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে।

আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে নেটফ্লিক্স।

আরও পড়ুন