শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৩, ১১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘চাচা, হেনা কোথায়?’—বাংলা সিনেমার জনপ্রিয় এই সংলাপ তিন দশক পরও দর্শকদের মুখে মুখে ফিরছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে। পুরোনো সিনেমার এই সংলাপ নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।
এবার সিনেমাটির হেনা চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা শাবনাজ জানালেন, এত বছর পরও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখে তিনি আনন্দিত।
ইফতেখার জাহান পরিচালিত ‘প্রেমের সমাধি’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে বকুল চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ এবং হেনা চরিত্রে শাবনাজ। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ার হোসেন ও অমিত হাসান।
সিনেমার আলোচিত দৃশ্যে দীর্ঘদিন পর বাড়ি ফিরে বকুল দেখতে পান, হেনার বাড়ি সাজানো হয়েছে। বিষয়টি দেখে হেনার বাবার কাছে জানতে চান, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’
জবাবে হেনার বাবা জানান, হেনার বিয়ে হয়ে গেছে, তাকে ভুলে যেতে হবে। এ কথা শুনে আবেগাপ্লুত বকুল বলে ওঠেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপরই বেজে ওঠে সিনেমার জনপ্রিয় গান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’।
আবেগঘন এই দৃশ্য ও সংলাপ দীর্ঘদিন ধরেই দর্শকদের আলোচনায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। আবার কেউ সংলাপটি ব্যবহার করে তৈরি করেন নানা ধরনের পোস্ট ও ভিডিও।
এক সাক্ষাৎকারে শাবনাজ জানান, এত বছর পরও দর্শক সিনেমাটির গল্প, সংলাপ ও অভিনয় মনে রেখেছেন—এটি তাঁর জন্য আনন্দের বিষয়। সময়ের সঙ্গে দর্শক সিনেমাটি ভুলে যেতে পারতেন। কিন্তু তিন দশক পরও এর দৃশ্য নিয়ে আলোচনা হওয়ায় তিনি খুশি।
শাবনাজের মতে, গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণেই সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এ ধরনের গল্পের সিনেমা সহজে ভোলার নয়; বরং সময়ের সঙ্গে তা কালজয়ী হয়ে উঠতে পারে।
বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন শাবনাজ। স্বামী চিত্রনায়ক নাঈম ও দুই সন্তানকে নিয়ে সংসারেই সময় কাটছে তাঁর। অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই জানিয়ে তিনি সংসার, ধর্মকর্ম ও অসহায় মানুষের সেবায় সময় দিতে চান।
পর্দা থেকে দূরে থাকলেও দর্শকদের ভালোবাসা এখনো পাচ্ছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমা নিয়ে আলোচনা এবং কাজের প্রশংসাকে শিল্পীজীবনের বড় প্রাপ্তি মনে করেন তিনি। দর্শকদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন শাবনাজ।
সময়ের সঙ্গে বদলে গেছে বিনোদনের মাধ্যম, এসেছে নতুন প্রজন্মের শিল্পী ও সিনেমা। তবু ‘প্রেমের সমাধি’র ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি বারবার ফিরে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুরোনো কাজ ঘিরে দর্শকদের এই আগ্রহ ও ভালোবাসাই শাবনাজের কাছে বিশেষ প্রাপ্তি।
ঢাকা এক্সপ্রেস/এসআই