শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:০০, ৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটছে। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। পোস্টে তারা জানান, পারস্পরিক সম্মতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।
তারা লেখেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা কৃতজ্ঞ। এখনো একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা ও যত্ন রয়েছে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথেই আমাদের দুজনের জন্য ভালো থাকা সম্ভব।
অনেক ভেবেচিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। পরিবারের সমর্থন নিয়ে এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন তারা।
পোস্টের শেষাংশে তারা বলেন, এ পরিবর্তনের সময়টিতে আমাদের পরবর্তী অধ্যায়টি যেন নিজেদের মতো করে সামলাতে পারি, সে জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও বিষয়টির প্রতি সংবেদনশীলতা বজায় রাখার অনুরোধ করছি।
প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু সংগীতের সূত্র ধরে। প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ওই গানের শুটিংয়ের সময়ই দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। পরে সেই ভালো লাগা প্রেমের সম্পর্কে গড়ায়।
দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর এবার সেই দাম্পত্য জীবনেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা। তবে শেহতাজ ও প্রীতমের বক্তব্য অনুযায়ী, কোনো বিরোধ বা অভিযোগ নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।
উল্লেখ্য, প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। একাধিক একক গান ও সংগীতায়োজনের পাশাপাশি চলচ্চিত্রের গানেও সুর করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন এই শিল্পী। নিজেও অভিনয়ে নাম লিখিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস