ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

সুখী দাম্পত্যের মজার ‘ফর্মুলা’ দিলেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৩, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৪, ৬ অক্টোবর ২০২৬

সুখী দাম্পত্যের মজার ‘ফর্মুলা’ দিলেন আরিফিন শুভ

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রেম-বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের গল্পে নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মে ভরপুর। তবে বিয়ের পরের জীবন নিয়ে পর্দায় গল্প তুলনামূলক কম। এই ভাবনা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার।

এতে প্রথমবার জুটি বেঁধেছেন ঢালিউড তারকা আরিফিন শুভ ও ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।

প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন আরিফিন শুভ। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহিত জীবনে সুখী থাকার উপায় কী।

হাসতে হাসতে শুভ বলেন, প্রতি সপ্তাহে একবার ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার সকালে উঠে সিনেমাটি দেখলেই বিবাহিত জীবন সুখের হবে বলে রসিকতা করেন তিনি।

তার এমন বক্তব্যে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

সহশিল্পী কেয়া পায়েল ও সিনেমার অন্য কলাকুশলীদের প্রসঙ্গে শুভ বলেন, পুরো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই অনেক পরিশ্রম করলেও কাজটি করতে তারা আনন্দ পেয়েছেন।

দর্শক তাকে নিয়মিত পর্দায় দেখতে পাচ্ছেন না কেন—এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, তিনি নিজে কাজের কারণ বা সুযোগ তৈরি করেন না। সুযোগ তার কাছে আসে। সামনে কাজের সুযোগ যত বাড়বে, দর্শকরাও তাকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।

এর আগে শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এতে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, এটি সিনেমাটির প্রচারণার অংশ ছিল।

‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প আবর্তিত হয়েছে দাম্পত্য জীবনের মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে ঘিরে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আনিস। সহজ-সরল ও সৎ এই যুবকের চরিত্রে অভিনয় করেছেন শুভ।

অন্যদিকে অনামিকা একজন উচ্চবিত্ত ও আধুনিক শহুরে তরুণী। সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল জগতের রঙিন দুনিয়াকে ঘিরে তার স্বপ্ন। চরিত্রটিতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম ওয়েব ফিল্ম এটি। আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাবে ‘হ্যাপিলি ম্যারিড’।

প্রিমিয়ারে শুভ ও কেয়া পায়েল ছাড়াও চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং আরেফিন জিলানীসহ সিনেমাটির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন