শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৫, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২০, ৯ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
কিছু গান কেবল বিনোদন নয়, সময়ের স্মৃতিও বহন করে। পুরোনো দিনের সেই গান শুনলেই মনে পড়ে যায় জীবনের নানা মুহূর্ত। নব্বইয়ের দশকের সংগীতও তেমনই এক নস্টালজিয়া, যা আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে।
সেই সময়ের গান ও স্মৃতিকে ঘিরেই রাজধানীর ঢাকা বোট ক্লাবে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান ‘স্মৃতির পাতায় ৯০’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস। পাশাপাশি গান শোনান সংগীতশিল্পী আগুন ও মেহজাব।
ঢাকা বোট ক্লাব লিমিটেডের ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। নব্বইয়ের দশকের সংগীতকে নতুন করে অনুভব করার সুযোগ তৈরি করাই ছিল আয়োজনটির মূল আবহ।
বাংলা গানের ইতিহাসে নব্বইয়ের দশক একটি উল্লেখযোগ্য সময়। এ সময়ের অনেক গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। সেসব গানের সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত স্মৃতি, বন্ধুত্ব, ভালোবাসা ও জীবনের নানা গল্প।
‘স্মৃতির পাতায় ৯০’ আয়োজনের মধ্য দিয়ে সেই পরিচিত সংগীতের আবহ ফিরে পাওয়ার সুযোগ পান দর্শক-শ্রোতারা। মাইলস, আগুন ও মেহজাবের পরিবেশনায় সন্ধ্যাটি সাজে নব্বইয়ের দশকের গান ও স্মৃতিকে কেন্দ্র করে।
ঢাকা এক্সপ্রেস/এসআই