শিরোনাম
প্রকাশ: ১১:৩১, ১৬ অক্টোবর ২০২৬
উরফি জাভেদ। ছবি: সংগৃহীত
অদ্ভুত পোশাক ও ব্যতিক্রমী ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। কখনো অপ্রচলিত উপকরণে তৈরি পোশাক, কখনো অভিনব নকশা, নিজের সাজপোশাকে চমক দিতে তার জুড়ি নেই। এবার জন্মদিনে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাক পরে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পোশাকটির ঝলক শেয়ার করেন উরফি।
শরীরজুড়ে সাজানো নানা রঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাকটি দেখে বিস্মিত তার অনুরাগীরা। জন্মদিনে বিশেষ সাজে নিজেকে উপস্থাপনের প্রচলিত রীতিকে নিজের মতো করে নতুন রূপ দিয়েছেন তিনি।
শুধু পোশাকের ছবি বা ভিডিও প্রকাশ করেই থেমে থাকেননি উরফি। কীভাবে তৈরি হয়েছে ব্যতিক্রমী পোশাকটি, তারও কয়েকটি ঝলক তুলে ধরেছেন। পোশাক তৈরির নেপথ্যের দৃশ্যসহ কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের বিশেষ সাজের কথা জানান অভিনেত্রী। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘জন্মদিনের জন্য ক্যান্ডেল ড্রেস।’
উরফির ফ্যাশন মানেই চেনা ছকের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা। সাধারণ উপকরণকে পোশাকের অংশ করে তোলা কিংবা অদ্ভুত নকশায় সবাইকে চমকে দেওয়ার কারণে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবারও মোমবাতির পোশাক নিয়ে তার সৃজনশীল ভাবনার প্রশংসা করেছেন অনেকে। সব মিলিয়ে জন্মদিনের সাজেও নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন এই অভিনেত্রী।
তবে উরফির জীবনে সব সময় আলোচনার রং এতটা উজ্জ্বল ছিল না। জন্মদিনের প্রায় দুই মাস আগে, গত আগস্টে মানসিক অবসাদ ও হতাশার কথা জানিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ভিডিওর ক্যাপশনে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরে উরফি লেখেন, ‘গত বছরে আমার ব্যর্থতার কথা বলব। একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে। জীবন চলছে অত্যন্ত ধীর গতিতে। সব মিলিয়ে গত কয়েক মাস ধরে আমি খুবই হতাশ।’
এর তিন দিন পরই হাতে স্যালাইনের নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। পোশাক নিয়ে বিতর্ক কিংবা ব্যতিক্রমী ফ্যাশনের কারণে প্রায়ই আলোচনায় থাকলেও উরফির প্রতি ভক্তদের ভালোবাসা যে কম নয়, সে সময়ও তার প্রমাণ মিলেছিল।
মানসিক অবসাদ ও অসুস্থতার সেই সময় পেরিয়ে জন্মদিনে আবারও নিজের চেনা ফ্যাশন-দুনিয়ায় আলো ছড়াচ্ছেন উরফি। এবার তার চমকের কেন্দ্রে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি একটি পোশাক। এটি নিয়ে ভক্তদের বিস্ময় ও কৌতূহল, দুটিই তুঙ্গে।
ঢাকা এক্সপ্রেস/এসএস