শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:০০, ১৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও নিয়মিত অভিনয় করেন তারা। তবে দুই তারকাকে একসঙ্গে পর্দায় খুব একটা দেখা যায় না।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন জয়া আহসান। এই অভিনেতার অভিনয়দক্ষতায় মুগ্ধ জয়া তাকে ‘ম্যাজিশিয়ান’ বলে আখ্যা দিয়েছেন।
ভবিষ্যতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’
মোশাররফ করিমকে নিজের ভীষণ পছন্দের অভিনেতা উল্লেখ করে জয়া আরও বলেন, ‘আমরা একসঙ্গে একটি টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।’
উল্লেখ্য, ২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। নাটকটি পরিচালনা করেছিলেন ইশতিয়াক আহমেদ রুমেল।
প্রচারের পর নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এখনো ইউটিউবে দেখা যায় নাটকটি। এটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এখনো দুই অভিনয়শিল্পীর প্রশংসা করেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস