ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

জাবির তাজউদ্দীন হলে বৃক্ষরোপণ ও বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯:২১, ১ নভেম্বর ২০২৬

জাবির তাজউদ্দীন হলে বৃক্ষরোপণ ও বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

ছবি : ঢাকা এক্সপ্রেস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের সৌন্দর্যবর্ধন ও শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় হলে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নাকাচুয়া, এরেকা পাম ও পবন ঝাউ গাছ রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে হলের বিভিন্ন স্থানে নতুন ২টি ফিল্টার স্থাপন করা হয়েছে। অর্থাৎ, এ ২টিসহ ইতোমধ্যে হলে মোট ১১টি ফিল্টার স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে হল শাখা ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ আহাম্মেদ বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি হলের উদ্যোগে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ অত্যন্ত ইতিবাচক। এছাড়া, শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করা জরুরি ছিল। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে হলের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চলমান থাকবে।"

হলের সদ্য সাবেক কমনরুম সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. আরিফ হোসেন বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে হলে ফিল্টার স্থাপন এবং হলের সার্বিক সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে সুপেয় পানি অত্যন্ত জরুরি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হলের প্রাধ্যক্ষ মহোদয় হরেক প্রজাতির বৃক্ষরোপণ ও পানির ফিল্টার স্থাপন করেছেন। আশা করি– হলকে আরও বাসযোগ্য করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর আবাসিক পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বৃক্ষরোপণ ও ফিল্টার স্থাপনের মাধ্যমে হলের পরিবেশের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি।”

এ সময় হলের প্রাধ্যক্ষ, সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন