শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৩, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কোরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের ‘জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, যারা অতীতে বাধা দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আমির হামজা নবীজির সময়েও কোরআনের প্রচারে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এ বিষয়ে তিনি বিতর্কিত ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন।
নিজের অডিও ফাঁসের বিষয়ে আমির হামজা বলেন, কোন সভাপতিকে জুতা মেরেছিল, তা ছয় বছর পর এখন দেখানো হচ্ছে। কোন নারীর সঙ্গে কে গল্প করেছেন, তা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এত দিন এসব প্রকাশ করা হয়নি কেন? তিনি বলেন, ২০১২ সাল থেকে কোরআনের ময়দানে কথা বলছেন, আর মনোনয়ন পেয়েছেন ২০২৬ সালে। এত বছর পর হঠাৎ এখন এসব সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা দেখতে হবে।
নারীদের মর্যাদা প্রসঙ্গে আমির হামজা বলেন, মেয়েদের মর্যাদা এখন আকাশচুম্বী। অনেকে তাকে নারীবিরোধী বলে মন্তব্য করেন উল্লেখ করে তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি তার মেয়েদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে একই বক্তব্যে নারীদের পোশাক, পরিচয় এবং পুরুষদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়ার কথাও বলেন।
শুক্রবার বিকেলে আসরের নামাজের পর আমির হামজা মঞ্চে ওঠেন এবং প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।
একই দিন মাহফিলস্থলে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। এতে শহরে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়।
ওই সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস