শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১০:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সরকারি হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক করা যাবে না- সম্প্রতি মন্ত্রণালয়ের এমন নির্দেশ উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘কসবা মডেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর প্রাথমিক কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করা হয়।
হাসপাতাল উদ্বোধন করেন কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ও হাসপাতালটির অন্যতম পরিচালক ইকলিল আজম। পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সরকারি হাসপাতালের পাশে বেসরকারি হাসপাতালের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও সমালোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ও হাসপাতালটির অন্যতম পরিচালক ইকলিল আজম বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন লিজ নিয়ে প্রায় এক মাস আগে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের জন্য আবেদন করেছি। ট্রেড লাইসেন্স পেলেও অনুমোদন পাওয়া বাকি রয়েছে। এখনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি কিংবা পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। প্রাথমিক কার্যক্রম হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালটির কার্যক্রম সরকারি সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হলে প্রয়োজনে বেসরকারি হাসপাতালটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, যদি বেসরকারি হাসপাতালটির অনুমোদন না থাকে কিংবা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, তাহলে বিষয়টির খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক বা হাসপাতালকে অনুমতি দেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান কোনো ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দিতে পারবেন না মর্মে নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস