ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

সাইকেলে পুরো পৃথিবী চক্কর দিলেন ৬৯ বছরের মার্ক হার্বস্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৩৩, ১ অক্টোবর ২০২৬

সাইকেলে পুরো পৃথিবী চক্কর দিলেন ৬৯ বছরের মার্ক হার্বস্ট

ছবি: সংগৃহীত

ক্যানসারে স্ত্রীকে হারানোর শোককে শক্তিতে রূপ দিয়ে বিশ্বজয়ের অভিযানে নামেন ৬৯ বছর বয়সী মার্ক হার্বস্ট। ২৫ বছরের জীবনসঙ্গীকে হারানোর পর স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং প্রবীণদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে তিনি সাইকেলে পুরো পৃথিবী একবার চক্কর দেওয়ার সিদ্ধান্ত নেন।

সেই লক্ষ্য পূরণে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন কানাডিয়ান এই সাইক্লিস্ট। এর মধ্য দিয়ে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব অর্জন করেছেন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেট।

তবে মার্কের এই অভিযান শুধু রেকর্ড গড়ার জন্য ছিল না। এর পাশাপাশি ক্যানসার গবেষণার জন্য তহবিলও সংগ্রহ করেছেন তিনি। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

স্ত্রী জ্যাকি সম্পর্কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, ‘জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।’ ২০২১ সালে ৫৫ বছর বয়সে মারা যান জ্যাকি। এর আগে সাত বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তিনি।

২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে যাত্রা শুরু করেন মার্ক। ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর ব্যাংককে নিজের যাত্রা শুরুর স্থানে ফিরে আসেন তিনি। পুরো পথ পাড়ি দিতে তাকে ২৫টি দেশ অতিক্রম করতে হয়েছে। যাত্রাপথে প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্ত্রী জ্যাকির চিতার ছাইও সঙ্গে রেখেছিলেন মার্ক। জ্যাকি যেসব জায়গায় যেতে চেয়েছিলেন, সেসব স্থানে গিয়ে তার ছাই ছড়িয়ে দিয়েছেন তিনি।

মার্ক জানান, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সড়ক পাড়ি দেওয়ার সময় সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন তিনি। মালয়েশিয়ায় পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে সঙ্গে এগিয়ে দিয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাঁকে নিজের ক্যাফেতে রাতে থাকার সুযোগ করে দিয়েছেন। অনেক সাধারণ মানুষও তার জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন এবং খাবার দিয়েছেন। এসব অভিজ্ঞতা তার দীর্ঘ যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন