ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮

৩০ ডলারে কেনা ছবি বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:২০, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২১, ৫ অক্টোবর ২০২৬

৩০ ডলারে কেনা ছবি বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি এস্টেট সেলে ঘুরে ঘুরে ধুলাবালু ঘেঁটে মাত্র ৩০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ টাকা, দিয়ে একটি পুরোনো চিত্রকর্ম কিনেছিলেন এক ‘ট্রেজার হান্টার’ বা রত্ন সংগ্রাহক। তখন হয়তো তিনিও ভাবেননি, পানির দামে কেনা এই সাধারণ ক্যানভাসটিই এক রাতে তাকে কোটিপতি বানিয়ে দেবে।

এস্টেট সেলের জন্য রাখা অন্যান্য মালপত্রের মধ্যে অবহেলায় পড়ে থাকা চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের শিকাগোর পরাবাস্তববাদী চিত্রশিল্পী গারট্রুড অ্যাবারক্রোমবির আঁকা। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল চিত্রকর্মটি। সম্প্রতি ফ্রিম্যানস অকশনসে এটি নিলামে তোলা হয়। সেখানে চিত্রকর্মটি সাড়ে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ১৬ কোটি টাকার বেশি।

অ্যাবারক্রোমবির আঁকা শিল্পকর্মের মধ্যে এটি এযাবৎকালের সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

চিত্রকর্মটির শিরোনাম ‘অল্ডারম্যান মেরিয়ামস সেলস’। গারট্রুড অ্যাবারক্রোমবি ১৯৫১ সালে এটি এঁকেছিলেন। নিলামকারীদের ধারণা ছিল, চিত্রকর্মটি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত নিলামে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় ছবিটি।

বিশেষজ্ঞদের মতে, ১৯৫২ সালে চিকিৎসাসেবার বিনিময়ে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক জন রেনল্ডসকে চিত্রকর্মটি উপহার হিসেবে দিয়েছিলেন শিল্পী। এরপর প্রায় ৭৫ বছর ধরে এটি চিকিৎসকের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন