ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

২১ বছর ভাঙারি কুড়িয়ে জীবন, ব্যাংকে মিলল ৭৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩২, ৭ অক্টোবর ২০২৬

২১ বছর ভাঙারি কুড়িয়ে জীবন, ব্যাংকে মিলল ৭৭ লাখ টাকা

ছবি: সংগৃহীত

২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালাচ্ছিলেন চীনের এক বৃদ্ধ। চাকরি নেই, অর্থ নেই, ঋণগ্রস্ত- এ কারণে পরিবার ও বন্ধুরাও তাকে দূরে ঠেলে দিয়েছিল। অভিমান করে নিজের শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যান তিনি। কে জানত, জীবনের শেষ বয়সে এসে এত বড় সৌভাগ্যের মুখোমুখি হবেন।

ওই ব্যক্তির নাম রু। তার বয়স ৭১ বছর। চীনের হুনান প্রদেশের জুঝো শহরের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন দোকানে কাজ করতেন তিনি। কারিগরি স্কুল থেকে পাস করা রু ওই দোকানে টানা ৩০ বছর চাকরি করেন। তবে ২০০০-এর দশকের শুরুর দিকে তাকে ছাঁটাই করা হয়। সে সময় তিনি কিছু ক্ষতিপূরণও পেয়েছিলেন।

কিন্তু নিজের স্বভাবের কারণে ক্ষতিপূরণের অর্থ দ্রুতই খরচ করে ফেলেন রু। অর্থ শেষ হয়ে গেলে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। একই সঙ্গে স্বজনদের সঙ্গেও তাঁর মনোমালিন্য শুরু হয়।

এরপর শুরু হয় রুর ভাঙারি কুড়ানোর জীবন। একসময় নিজের শহর ছেড়ে হুনান প্রদেশের সাংদে শহরে চলে যান তিনি।

২০২৪ সালে সাংদে শহরের একটি সামাজিক সহায়তা কেন্দ্রের এক কর্মকর্তা একটি পরিত্যক্ত ভবনে রুর সন্ধান পান। ওই কর্মকর্তা বলেন, আত্মসম্মানবোধ বেশি থাকায় রু শুরুতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে তিনি আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হন। সেখানে নিজের ব্যক্তিগত তথ্যও জানান।

সাংদে ডেইলির প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষের দিকে রু তার পেনশন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি ব্যাংক কার্ড পান। সেই ব্যাংক হিসাবে জমা আছে ৪ লাখ ২৪ হাজার ২০৪ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৭ লাখ ৭৪ হাজার টাকার বেশি।

এক দশক ধরে রু যে পেনশন পাচ্ছেন, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।

ছাঁটাই হওয়ার পর রু পেনশন বিমার কিস্তি জমা দিতে পারেননি। তাই তিনি ধরে নিয়েছিলেন, তিনি আর পেনশন পাবেন না। কোনো মোবাইল ফোন না থাকায় নতুন নিয়মকানুন সম্পর্কেও তাঁর কাছে কোনো তথ্য পৌঁছায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন